যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৃহস্পতিবার লেবাননজুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ঘটনার এক দিন আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। যুদ্ধবিরতির পর রাজধানীর ওই এলাকায় এটিই ছিল প্রথম হামলা। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ জেলার তিন গ্রামে হামলায় মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।
অন্যদিকে মারাজায়ুন জেলায় পৃথক হামলায় হিজবুল্লাহসংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির একজন প্যারামেডিক নিহত হন। আহত হয়েছেন আরও একজন। এটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়।
একই দিনে নাবাতিয়েহ জেলায় আরেকটি হামলায় একই সংগঠনের দুই প্যারামেডিক আহত হয়েছেন বলে এক মুখপাত্র জানান।