পায়রা-কথা

প্রিয় পায়রা বন্ধুরা, শুরু হলো তোমাদের জন্য দেশ রূপান্তরের নতুন আয়োজন ‘পায়রা’। বাক-বাকুম, বাক-বাকুম করে ডাকা পায়রা নিশ্চয়ই তোমাদের ভীষণ প্রিয়। তবে এই নামটি নেওয়া পটুয়াখালী জেলার একটি নদীর নাম থেকে। এই পাতায় তোমাদের জন্য রয়েছে অবারিত আকাশ, প্রবাহমান নদী। প্রতি শনিবারের এই আয়োজনে আমরা চাই তোমাদের লেখা ও আঁকা। গল্পের সঙ্গে এঁকে দাও গল্পের ছবি, ছবির সঙ্গে লিখে দাও তার গল্প। এই পাতায় কী কী চাও, সেটা জানিয়ে চিঠি লিখতে পারো তোমাদের ‘বন্ধু-পায়রা’কে। তোমাদের লেখা-আঁকা বা চিঠি পাঠিয়ে দাও payra@deshrupantor.com এই ইমেইলে।

প্রথম সংখ্যায় পুনর্মুদ্রিত হলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রূপকথা ‘সাগর কেন লোনা?’। এ ধরনের লেখা আমরা বারবার পড়তে চাই। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আধুনিক বাংলা শিশুসাহিত্যের পথিকৃৎ। লোককথার রাজ্যকে তিনি নতুন করে উপস্থাপন করেছেন শিশুদের জন্য। তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। গুপী গাইন বাঘা বাইন, টুনটুনির গল্প তার অমর সৃষ্টি। বিখ্যাত সন্দেশ পত্রিকার শুরুও তার হাতেই। ১২ মে তার জন্মদিন। পায়রার প্রথম সংখ্যাতে তার লেখার মাধ্যমেই তার প্রতি শ্রদ্ধা জানানো হলো।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ^জুড়ে পালিত হয় মা দিবস। এবার মা দিবস পালিত হবে ১০ মে। মা দিবসকে উদযাপন করতে এ সংখ্যায় থাকছে মাকে নিয়ে দুটি ছড়াও।