নারায়ণগঞ্জে টহলযানে বাল্কহেডের ধাক্কা, নৌপুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়ায় শীতলক্ষ্যা-ধলেশ্বরী নদীর মোহনায় টহলরত নৌ-পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মহসিন সরদার নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলের শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। মহসিন সরদার খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান জানান, রাতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেন ৪ কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে নৌ টহলকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে পেছন থেকে আসা অজ্ঞাত বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টহল নৌযানটি উল্টে যায়। সকলে সাঁতারে অন্য একটি বাল্কহেডে ওঠেন। এ সময় কনস্টেবল মহসিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।