মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাটুরিয়া থানার ওসি মো. মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম দিক থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আলম (১৬) ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী কালু মিয়াকে (১৬) ও চালক সোনা মিয়াকে (২২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সাটুরিয়া থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’