টাঙ্গাইলের বাসাইলে চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজারে সেতু উদ্বোধনের দুই মাস না যেতেই সংযোগ সড়কে ফাটল ধরে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফাটলের মাত্রাও। আরও কয়েক দিন যদি বৃষ্টিপাত হয়, তাহলে সেতুর সংযোগ সড়ক ধসে পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাসাইল উপজেলা (এলজিইডি) সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী বাসাইল উপজেলার সৈদামপুর বাজার-কুরাতলী ভায়া প্রাইমারি স্কুল সড়কে প্রায় ৭০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের দায়িত্বে রয়েছে। ৭০ মিটার দৈর্ঘ্য এই সেতু বিগত ২০২১ সালের ১৩ এপ্রিল নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের চুক্তি অনুযায়ী, সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১২ এপ্রিল। পরে সেতুর নির্মাণকাজের মেয়াদ বাড়ানো হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলীর ম্যানেজার নুর নবী বলেন, ব্রিজের সংযোগ সড়কে ব্লকের কাজ চলমান ছিল। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা ব্লক নিয়ে যেতে পারিনি। বৃষ্টির কারণে ব্লকের কাজ শেষও হয়নি। ব্রিজের সংযোগ রাস্তায় ঈদের আগে কার্পেটিং করা হয়। নতুন মাটিতে কার্পেটিং করা হয়েছে। ব্রিজের অতিরিক্ত বৃষ্টি ও বোঝাই ট্যাফিক গাড়ি রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার কিছু অংশ ফাটল দেখা দিয়েছে।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, বাসাইলের সৈদামপুরে ৭০ মিটার দৈর্ঘ্য ব্রিজের কাজ চলমান। ব্রিজের সংযোগ সড়কে কিছু অংশ ব্লক বসানো হয়নি। অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহন চলাচল করায় কিছু কিছু জায়গায় মাটি সরে গেছে।