প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়লেন ফিক্সিংয়ে অভিযুক্ত অমিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। বাজি ধরা ও অনৈতিক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকেও বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার সময় প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলছিলেন অমিত। খেলা শেষে বাসে ওঠার পরপরই বহিষ্কারের চিঠি পান তিনি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নির্দেশে তাকে তাৎক্ষণিক দল ছাড়তে বলা হয়।

অমিতের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ টাইগার্সের টিম ম্যানেজার সোহেল বাবু। তিনি বলেন, ‘তাকে বাদ দেওয়া হয়েছে। গতকাল রাতে বিসিবি থেকে একটা চিঠি ইস্যু করা হয়, তাকে দল থেকে বাদ দিতে বলা হয়। এরপর তার সব ধরনের ব্যাগ-ব্যাগেজ নিয়ে সে চলে গেছে। এটা দলের সিদ্ধান্ত না, সিসিডিএম থেকে আদেশ এসেছে।’ দল থেকে বাদ নেওয়া মানে সব কার্যক্রম থেকেই বাদ দেওয়া। এ কারণে মৌসুমের জন্য ক্রিকেটার ও টিম অফিশিয়ালদের জন্য বানানো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বের করে দেওয়া হয়েছে অমিতকে। রূপগঞ্জ টাইগার্সের টিম ম্যানেজার বলেন, ‘তার সঙ্গে রূপগঞ্জ টাইগার্সের কোনো ধরনের এফিলিয়েশন থাকছে না আর। তাকে হোয়াটঅ্যাপ গ্রুপ থেকেও বের করে দেওয়া হয়েছে।’