দক্ষিণ আফ্রিকার লিগে রিশাদ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের চেনানোর মিছিলে আরও একধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির আসন্ন আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন তিনি। এর মাধ্যমে প্রতিযোগিতাটির সবচেয়ে সফল তিনবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ দলের হয়ে এসএ টোয়েন্টির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার হাতছানি রয়েছে তার সামনে। যদিও গত মৌসুমে এই লিগে দল পেয়েছিলেন তাইজুল ইসলাম, তবে সেবার খেলা হয়নি তার।

ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শুধু রিশাদই নন, তার সঙ্গে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে ভিড়িয়েছেন তারা।

বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে একের পর এক নিজের কার্যকারিতা প্রমাণ করে চলেছেন রিশাদ হোসেন। পিএসএলের সবশেষ আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে ১২ উইকেট শিকারের আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও ঝড় তুলেছিলেন তিনি। হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে আসরের অন্যতম সফল স্পিনার তো বটেই, বিগ ব্যাশের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও নিজের নামের পাশে যোগ করেন রিশাদ।

সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার দক্ষিণ আফ্রিকার পিচেও নিজেকে প্রমাণের হাতছানি তার সামনে। আগামী ১৭ জানুয়ারি শুরু হয়ে এসএ টোয়েন্টির আসন্ন আসর চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছর বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ। এবার ওই লিগে তিনি খেলবেন কিনা তা নিশ্চিত হয়। বিগ ব্যাশ এবার ১২ ডিসেম্বর শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত