কোচ ইস্যুতে যখন সরগরম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ঠিক সেই মুহূর্তে ঢাকায় আসেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার আড়ালে প্রধান কোচ নিয়োগের বিষয়ে বাফুফেকে মন্তব্য দিতেই তার আসা, এমনটাই সূত্র জানিয়েছে। তবে এই সফরের অংশ হিসেবে শুক্রবার নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মোহাম্মদপুরে ফিজিক্যাল মাঠে গিয়েছিলেন লেস্টার সিটির এই পোস্টার বয়। সেখানে কিশোর-কিশোরীরা তাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল। ছবিও তুলে রাখে অনেকে।
এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে হামজাসহ বিদেশি কোচ নিয়োগ নিয়ে অনেক কথাই বলতে হয়েছে। বিদেশি কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। আগামীকালও (আজ) হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ইন্টারভিউগুলো নিচ্ছে। যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত নেব। লক্ষ্য হলো রিববারের ভেতর একটা ফাইনাল ডিসিশনে চলে যাব। ১৫ মে’র ভেতরে আমরা চাই পরবর্তী কোচের চুক্তি স্বাক্ষর করতে।’
নতুন কুঁড়ি নিয়ে তাবিথের কথা, ‘প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছেন, শুধু এই ফিজিক্যালের মাঠে না, আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে যাবে, তাতে অনেক ইয়াং তরুণ এবং তরুণী উৎসাহ পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার জন্য।’