আসন্ন ২০২৬ বিশ্বকাপে নেইমারের দলে থাকা নিয়ে যখন সংশয় কাটছে না, ঠিক তখনই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অন্তর্ভুক্তির পক্ষে নিজের জোরালো মত দিয়েছেন লিওনেল মেসি। সাবেক এই বার্সেলোনা সতীর্থের মতে, নেইমারের বর্তমান ফর্ম যাই হোক না কেন, বিশ্বসেরা খেলোয়াড়দের তালিকায় তিনি সবসময়ই থাকবেন।
‘লো ডেল পোলো’ শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমরা সবাই চাই বিশ্বকাপের মতো আসরে সেরা খেলোয়াড়রা থাকুক। নেইমার তার ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই সেরাদের একজন। ব্রাজিলের জন্য এবং ফুটবলের জন্য নেইমার যে উচ্চতার খেলোয়াড়, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার।”
বন্ধুর প্রতি আবেগের কথা স্বীকার করে মেসি আরও যোগ করেন, "নেইমারের বিষয়ে আমি নিরপেক্ষ হতে পারবো না, কারণ সে আমার বন্ধু। ফুটবলের স্বার্থে এবং ব্রাজিলের জন্য তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। সে কোনো অভিনয় করে না, সে যেমন তেমনই জীবন কাটায়। আমি আশা করি সে সেখানে থাকবে কারণ সে একজন ভালো মানুষ হিসেবে এটি পাওয়ার যোগ্য।"
মেসি আরও বিশ্বাস করেন, স্পেন এবং ফ্রান্সের পাশাপাশি ব্রাজিল এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, “আমি সবসময়ই বিশ্বাস করি যে কোনো বড় টুর্নামেন্টে শিরোপার জন্য লড়াই করার মতো পর্যাপ্ত মেধাবী খেলোয়াড় ব্রাজিলের রয়েছে।”
২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) নেইমার। গত বছর নিজ দেশের ক্লাব সান্তোসে ফিরলেও এখনো নিয়মিত ছন্দে ফিরতে লড়াই করছেন তিনি।
ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, নেইমার যদি পূর্ণ ফিটনেস ফিরে পান তবেই তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। গত এপ্রিলেও আনচেলত্তি উল্লেখ করেছিলেন যে, নিজেকে প্রমাণ করার জন্য নেইমারের হাতে এখনো দুই মাস সময় আছে।