অনুশীলনের সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ায় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ফেদেরিকো ভালভার্দে এবং অরেলিয়েন চুয়ামেনিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
গত বৃহস্পতিবার রিয়ালের নিয়মিত অনুশীলন সেশনে চুয়ামেনির সঙ্গে তর্কে জড়ান উরুগুইয়ান তারকা ভালভার্দে। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। যদিও ভালভার্দে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে সেখানে কোনো ঘুষোঘুষির ঘটনা ঘটেনি, তবে সংঘর্ষের এক পর্যায়ে টেবিলের সাথে ধাক্কা লেগে তার মাথায় চোট লাগে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও যেতে হয়েছিল।
ভালভার্দে বিষয়টিকে 'তুচ্ছ ঘটনা' বলে উড়িয়ে দিতে চাইলেও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ একে ক্লাবের শৃঙ্খলার বড় লঙ্ঘন হিসেবে দেখছে। শুক্রবার এক বিবৃতিতে ক্লাব জানায়: দুই খেলোয়াড়ের প্রত্যেককে ৫ লাখ ইউরো ( ৬ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। উভয় খেলোয়াড়ই ক্লাবের কাছে অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব তাদের ক্ষমা গ্রহণ করলেও শাস্তিমূলক ব্যবস্থা বহাল রেখেছে।
এই বিতর্কের মাঝেই আগামী রবিবার বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে এই 'এল ক্লাসিকো'তে জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের সামনে। হারলে বার্সেলোনার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে। শুক্রবার চুয়ামেনি অনুশীলনে ফিরলেও দলের এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল শিবিরে মানসিক চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
