ভারতে আটক ১০ বাংলাদেশিকে পুশব্যাক, পরিবারে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশব্যাকের শিকার নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে কুলাউড়া থানায় উপস্থিত স্বজনদের হাতে তাদের তুলে দেওয়া হয়।

​পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। শুক্রবার দুপুরে মুরইছড়া চা-বাগান এলাকায় একদল নারী, পুরুষ ও শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের একটি টহল দল। বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

​জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা জীবিকার তাগিদে বা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের অভ্যন্তরে বিএসএফ এর হাতে তারা আটক হন। বিএসএফ আইনি প্রক্রিয়ার বদলে তাদের সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে (পুশব্যাক) পাঠিয়ে দেয়।

​বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করার পর শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া থানায় হস্তান্তর করে। তারা হলেন, নেত্রকোনার রাহুল তালুকদার (২৭), যুবরাজ সরকার (৪২) এবং সুনামগঞ্জের হাবুল দাস (৪৮), সুমিত্রা দাস (৪৪), অনামিকা দাস (১৭), ভূমি দাস (৭), হেমন্ত দাস (১৬), গোপাল দাস (২৭), মো. আল আমিন (৩৫) ও ফাতেমা বেগম (১৯)।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, খবর পেয়ে রাতেই আটক ব্যক্তিদের স্বজনেরা থানায় পৌঁছান। এরপর মানবিক দিক বিবেচনা করে এবং পরিচয় নিশ্চিত হয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।