চট্টগ্রাম নগরীর ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের নয়াবাজার গোলচত্বর অংশের দুই পাশ দেবে গেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। তবে সড়কটি প্রশস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেনি। এর আগে গত সপ্তাহেও গোলচত্বরের আরেক অংশে একই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সড়ক দেবে যাওয়ার এ ঘটনায় চট্টগ্রাম ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওপর দায় চাপিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সংস্থাটির প্রকৌশলীদের মতে, ওই স্থানে ওয়াসার পানির পাইপলাইন রয়েছে। সেখানে বিটিসিএলের কাজের সময় পাইপ ফুটো হয়ে পানি বের হওয়ায় নিচের মাটি নরম হয়ে সড়কটি দেবে গেছে।
চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ওয়াসা কিছুদিন আগে ওই অংশে পাইপ বসিয়েছিল, যাতে কোনো ছিদ্র থেকে থাকতে পারে। এর মধ্যে বিটিসিএল নতুন করে পাইপ বসাতে গিয়ে পাইপে আঘাত করলে পাইপ ফুটো হয়ে পানির প্রচণ্ড চাপে মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা ধারণা করছি।
চসিকের প্রধান প্রকৌশলী বলেন, ইতিমধ্যে ওই লাইনে পানি সরবরাহ বন্ধ করেছে ওয়াসা। আমরা ওয়াসা ও বিটিসিএল কর্তৃপক্ষকে ডাকিয়েছি। তাদের সাথে আলোচনার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, আমাদের যে পাইপের কথা বলা হচ্ছে সেটা স্যুয়ারেজের পাইপ। সেটা কিছুদিন আগেই মেরামত করা হয়েছে। কী কারণে এই সড়ক দেবে গেল, তা খনন করে দেখতে হবে। পুরোপুরি খনন না করে কারও ওপর দায় চাপানো সঠিক না।