যমুনা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ

সিরাজগঞ্জের যমুনা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর সেতুর ওপর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর ১৫ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।  পুলিশ জানায়, ঢাকা থেকে বগুড়াগামী ‘রানী’ পরিবহনের একটি বাস যমুনা সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তবে এ দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। এর পর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর দুই পাশে আটকে পড়ে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। প্রচ- গরমে বাসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়।