বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণা কেন্দ্র এলাকায় বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত এক ফিল্ড অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে। সরকারি নিয়ম উপেক্ষা করে বনাঞ্চলের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কাটা গাছের দুটি অংশ চরকাই রেঞ্জ কর্মকর্তার হেজাজতে দিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, চরকাই বন গবেষণা কেন্দ্রের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম বন বিভাগের একটি অপরিপক্ব ইউক্যালিপটাস গাছ কর্তন করেন। পরে সেই গাছ ব্যক্তিগত বাড়ির কাজে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে বিরামপুর রেঞ্জ কর্মকর্তার হেফাজতে রাখে।

বিরামপুর চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘বন গবেষণা কেন্দ্রে থেকে জনগণের মাধ্যমে ইউক্যালিপটাস গাছের দুটি টুকরো আমাদের কাছে হেফাজতে রাখা হয়েছে। যেহেতু গাছগুলো আমাদের বাগানের নয়, তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত গাছগুলো রেঞ্জ অফিসেই সংরক্ষিত থাকবে।’