ভূঞাপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি টাকা আত্মসাৎ, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ স্বপনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ৩ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল শনিবার দুপুরে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, বরখাস্তের প্রজ্ঞাপন পেয়েছি। আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ স্বপনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা আত্মসাৎ, ডিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৮৬ জন সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম, তৃতীয় প্রকল্পের বরাদ্দ থেকে নিজ এলাকায় টিআর ও কাবিখা প্রকল্প গ্রহণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা বিতরণে অনিয়ম এবং ডিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্তে এসব অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ স্বপন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলোর বিষয় উল্লেখ করে সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি।