রিয়ালকে আজ হারালেই শিরোপা বার্সেলোনার

ফুটবল পঞ্জিকার সবচেয়ে বড় দিনটি আজ। স্পতিফাই ন্যু ক্যাম্পে আজ কেবল একটি ম্যাচ নয়, বরং মঞ্চস্থ হতে যাচ্ছে লা লিগার শিরোপা নির্ধারণী নাটক। টানা ১০ ম্যাচ জিতে উড়তে থাকা বার্সেলোনা শিরোপা জয়ের উৎসবে মাততে আজ ড্র করলেই চলবে। বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। লা লিগার দীর্ঘ ইতিহাসে কখনোই রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো ম্যাচ শেষে গাণিতিকভাবে শিরোপা জেতা হয়নি বার্সার। আজ সেই নজিরবিহীন ইতিহাস গড়ার সুযোগ হানসি ফ্লিকের তরুণ তুর্কিদের সামনে। লা মাসিয়া থেকে উঠে আসা তরুণদের ওপর ভরসা রাখা বার্সা কোচ ড্র নয়, বরং ঘরের মাঠে জয় দিয়েই শিরোপা উদযাপন করতে চান।

উল্টো মেরুতে রিয়াল মাদ্রিদের পরিস্থিতি বেশ করুণ। টানা দ্বিতীয় মৌসুম কোনো বড় শিরোপা ছাড়াই শেষ করার শঙ্কায় আছে আলভারো আরবেলোয়ার দল। কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকার পরও দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব প্রকট। এর ওপর গত সপ্তাহে ড্রেসিংরুমে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মধ্যকার হাতাহাতির ঘটনা ক্লাবের পরিবেশকে আরও ঘোলাটে করে তুলেছে।

বার্সেলোনা কোচ হানসি ফ্লিক দলের সংহতি নিয়ে গর্বিত। ড্রেসিংরুমের এই চমৎকার পরিবেশকেই সাফল্যের মূল চাবিকাঠি মনে করেন তিনি। ফ্লিকের ভাষায়, ‘আমাদের ড্রেসিংরুমের কানেকশনটা সত্যিই স্পেশাল। এটা ইগো বা ‘আমি’র লড়াই নয়, এটা সবসময় ‘আমরা’র (টিম) গল্প। এই তরুণ দল নিয়ে টানা দ্বিতীয় শিরোপার সামনে দাঁড়ানোটা অবিশ্বাস্য।’

দলের তরুণ তুর্কি ফারমিন লোপেজও শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন। তবে তিনি বাড়তি নাটকীয়তায় বিশ্বাসী নন, ‘শিরোপা জেতাটাই মূল লক্ষ্য সেটা ক্লাসিকোতে হোক বা না হোক। আমরা জেতার জন্যই মাঠে নামব এবং সমর্থকদের মুখে হাসি ফোটাব।’

উল্টো মেরুতে রিয়াল মাদ্রিদের পরিস্থিতি টালমাটাল। অনুশীলনে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির হাতাহাতি এবং ভালভার্দের হাসপাতালে যাওয়ার ঘটনায় ৫ লাখ ইউরো জরিমানার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। কোচ আলভারো আরবেলোয়া অবশ্য সংবাদ সম্মেলনে শিষ্যদের আগলে ধরে কড়া বার্তা দিয়েছেন, ‘আমি তাদের জনসমক্ষে ফাঁসিকাষ্ঠে ঝোলাব না, কারণ তারা এর যোগ্য নয়। তারা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার মর্যাদা জানে। হুয়ানিটোর মতো কিংবদন্তিও ভুল করেছিলেন, তাই বলে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে না।’ তথ্য ফাঁসের ঘটনায় ‘গুপ্তচর’দের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ড্রেসিংরুমের খবর বাইরে ফাঁস করা রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং এই লোগোর অবমাননা। আমাদের এখন এই অধ্যায় পেছনে ফেলে ক্লাসিকোতে ফোকাস করতে হবে।’