নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

আসন্ন ২০২৬ বিশ্বকাপে নেইমারের দলে থাকা নিয়ে যখন সংশয় কাটছে না, ঠিক তখনই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অন্তর্ভুক্তির পক্ষে নিজের জোরালো মত দিয়েছেন লিওনেল মেসি। সাবেক এই বার্সেলোনা সতীর্থের মতে, নেইমারের বর্তমান ফর্ম যাই হোক না কেন, বিশ্বসেরা খেলোয়াড়দের তালিকায় তিনি সবসময়ই থাকবেন।

‘লো ডেল পোলো’ শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা সবাই চাই বিশ্বকাপের মতো আসরে সেরা খেলোয়াড়রা থাকুক। নেইমার তার ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই সেরাদের একজন। ব্রাজিলের জন্য এবং ফুটবলের জন্য নেইমার যে উচ্চতার খেলোয়াড়, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার।’

বন্ধুর প্রতি আবেগের কথা স্বীকার করে মেসি আরও যোগ করেন, ‘নেইমারের বিষয়ে আমি নিরপেক্ষ হতে পারব না, কারণ সে আমার বন্ধু। ফুটবলের স্বার্থে এবং ব্রাজিলের জন্য তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। সে কোনো অভিনয় করে না, সে যেমন তেমনই জীবন কাটায়। আমি আশা করি সে সেখানে থাকবে কারণ সে একজন ভালো মানুষ হিসেবে এটি পাওয়ার যোগ্য।’

মেসি আরও বিশ্বাস করেন, স্পেন এবং ফ্রান্সের পাশাপাশি ব্রাজিল এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, ‘আমি সবসময়ই বিশ্বাস করি যে কোনো বড় টুর্নামেন্টে শিরোপার জন্য লড়াই করার মতো পর্যাপ্ত মেধাবী খেলোয়াড় ব্রাজিলের রয়েছে।’ ২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) নেইমার। গত বছর নিজ দেশের ক্লাব সান্তোসে ফিরলেও এখনো নিয়মিত ছন্দে ফিরতে লড়াই করছেন তিনি। ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, নেইমার যদি পূর্ণ ফিটনেস ফিরে পান তবেই তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ : জাতীয় দল থেকে বিদায় নেওয়ার প্রায় ১৯ মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়েছেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আসন্ন বিশ্বকাপে যদি দলের প্রয়োজন হয়, তবে তিনি নিজের অবসর ভেঙে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১৪৩ ম্যাচে ৬৯ গোল) হিসেবে চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সুয়ারেজ। তবে তার সেই বিদায় ছিল কিছুটা বিতর্কিত। উরুগুয়ের বর্তমান কোচ মার্সেলো বিয়েলসার ম্যানেজমেন্ট স্টাইল নিয়ে কড়া সমালোচনা করেছিলেন তিনি। সুয়ারেজ দাবি করেছিলেন, কোচের আচরণের কারণে ড্রেসিংরুমে বিভেদ তৈরি হচ্ছে। তবে সাম্প্রতিক মন্তব্যে সুয়ারেজ জানিয়েছেন, সেই মন্তব্যের জন্য তিনি ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলছেন সুয়ারেজ। বয়স ৩৯ হলেও মাঠের লড়াইয়ে ফেরার তাড়না এখনো অনুভব করেন তিনি। ইএফই নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, “জাতীয় দলের প্রয়োজনে আমি কখনোই ‘না’ বলতে পারব না, বিশেষ করে যখন সামনে বিশ্বকাপের মতো বড় আসর। আমি তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দিতে সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনি যখন এখনো গোল করা উপভোগ করেন এবং ভুল পাসে রাগ করেন, তখন বুঝবেন আপনার ভেতর এখনো খেলার ক্ষুধা বাকি আছে।” লুইস সুয়ারেজ উরুগুয়ের হয়ে এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন।