তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে রাতভর বিক্ষোভ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) রাতভর চলা এই বিক্ষোভে স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ নীতি এবং অভ্যন্তরীণ শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করেন।

চলতি বছরের শেষের দিকে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একদিকে ইরান ও লেবাননের সাথে যুদ্ধ এবং অন্যদিকে অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের (Ultra-Orthodox) সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি নিয়ে অভ্যন্তরীণ উত্তেজনার মাঝেই এই বিক্ষোভ দানা বাঁধছে।

বিক্ষোভের বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের যুদ্ধংদেহী নীতির প্রতিবাদ করছেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে `গণহত্যা বন্ধ করো' (Stop the genocide), `সাত অক্টোবর ভুলে যাও' (Forget October Seven) এবং `বিবি এসকোবার' (নেতানিয়াহুর ডাকনাম ও কলম্বিয়ান ড্রাগ লর্ড পাবলো এসকোবারের নামের সংমিশ্রণ) এর মতো স্লোগান দেখা গেছে।

রয়টার্সের সাথে আলাপকালে ডেভিড আলকান নামে ৮৩ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত বিক্ষোভকারী বলেন, আমি এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি, যা একটি আস্ত বিপর্যয়। আমাদের সরকার ভুল পথে পরিচালিত হচ্ছে। তারা জনগণকে মিথ্যা এবং ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করছে। তিনি আরও যোগ করেন, ইরান আমাদের শত্রু ঠিকই, কিন্তু তারা আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শত্রু নয়। আসল বিপদ হলো ঘরের ভেতরে; যারা সেনাবাহিনীতে যায় না, কাজ করে না এবং ট্যাক্স দেয় না। তারা আমাদের আয়ের ওপর পরজীবীর মতো বাস করছে।

বিশ্লেষকদের মতে, গাজা ও লেবাননে দীর্ঘায়িত যুদ্ধ এবং দেশের অভ্যন্তরে অর্থনৈতিক ও ধর্মীয় বৈষম্যের কারণে নেতানিয়াহু সরকার চরম জনরোষের মুখে পড়েছে, যা আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।