ময়মনসিংহ মেডিকেলে হাম ওয়ার্ডে চিকিৎসাধীন ১০১ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা রয়েছে ১০১ জনে।

রবিবার (১০ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১০ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৯৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 

এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৬ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। 

তিনি বলেন, বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।