ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে। তার পরিবারে এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি ভেঙে যাওয়া নৌকার পাটাতন ভেসে যাচ্ছিল। সেটি উদ্ধার করতে নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় প্রবল স্রোতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শী মো. হবি মিয়া ও স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল বলেন, সাইফুল ইসলাম নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে তলিয়ে যান। তাকে উদ্ধারে তাৎক্ষণিক একটি নৌকা নিয়ে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। তবে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কৃষক সাইফুল ইসলামের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ঢাবির কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা