উত্তরায় গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামের পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে। তিনি পেশায় ছিলেন বলে জানা গেছে।

নিহত নুর আলমের ভাই মো. কাসিম মিয়া জানান, আমার ভাই সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে এপিবিএন হেডকোয়ার্টারের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানাধীন মোল্লাকান্দি এলাকায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।