মুন্সীগঞ্জে নিখোঁজ সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ সবজি বিক্রেতা দীন ইসলাম কাজী পাখির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মূলচর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জনা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরী করা হয়। 

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবুল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।