ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জের ধরে জাহানারা বেগম (৪৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১০ মে) উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ার মৃত গোলাম মাওলার মেয়ে এবং একই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারার বাবার বাড়ির সঙ্গে তার চাচা কুদ্দুস মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই সকালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়।এক পর্যায়ে কুদ্দুস মিয়ার মেয়ে রোমানা বেগমের সঙ্গে জাহানারার চুল ধরে টানাটানির ঘটনা ঘটে। পরে চাচা কুদ্দুস মিয়া ও চাচাতো বোন রোমানাসহ তাদের পরিবারের লোকজন জাহানারাকে উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জাহানারা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য থেকে কথা কাটাকাটির জেরে এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছোঁড়ে। এতে আহত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি।
নীলফামারীতে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি