ভূঞাপুরে প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ স্বপনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বরখাস্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ স্বপনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা আত্মসাৎ, ডিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৮৬ জন সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম, তৃতীয় প্রকল্পের বরাদ্দ থেকে নিজ এলাকায় টিআর ও কাবিখা প্রকল্প গ্রহণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা বিতরণে অনিয়ম এবং ডিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্তে এসব অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।