উল্লাপাড়ায় সাবেক দুগ্ধ সমিতির ম্যানেজারকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা সোবহান প্রামাণিক (৭০) নামে এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোবহানের স্ত্রী শেফালী বেগম (৬০)।

রবিবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামাণিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা সিধকেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে সোবহানের মৃত্যু নিশ্চিত করে। এছাড়া শেফালী খাতুন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।    

এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে তারা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।

জানা যায়, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা গোষ্ঠী ও প্রামাণিক গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় দুপক্ষের সংঘর্ষে পিতা ও সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। সে জড়িত কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।