ইরানের ইউরেনিয়ামে নজর যুক্তরাষ্ট্রের

আপডেট : ১১ মে ২০২৬, ১১:৫৬ এএম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত একটি স্থাপনা যুক্তরাষ্ট্র নজরদারিতে রেখেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ওই স্থাপনায় কেউ প্রবেশের চেষ্টা করলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আমেরিকান সাংবাদিক শ্যারিল অ্যাটকিনসনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমরা সব সময় নজর রাখছি। স্পেস ফোর্স সেখানে সবকিছু পর্যবেক্ষণ করছে। কেউ এগোলে আমরা তা জানব এবং ব্যবস্থা নেব।' 

তিনি দাবি করেন, ইরান বর্তমানে 'সামরিকভাবে পরাজিত' অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরে গেলে দেশটিকে পুনর্গঠনে বহু বছর লাগবে। 

হরমুজ প্রণালী নিয়ে মন্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সেখানে খুব সীমিত এবং এটি মূলত ইসরায়েল, সৌদি আরব ও কাতারের মতো মিত্রদের সহায়তার জন্য ব্যবহৃত হয়। ন্যাটোকে তিনি “কাগুজে বাঘ” বলেও অভিহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্রকে সময়ক্ষেপণ করে আসছে। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান নীতি এবং পারমাণবিক চুক্তিকে “ইরানের জন্য সুবিধাজনক” বলে সমালোচনা করেন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও কঠোর ভাষায় সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, অতীতে যুক্তরাষ্ট্রকে ইরান “উপহাস” করলেও এখন সেই পরিস্থিতি বদলে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত