মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় দেওভোগ-সরদারপাড়া সড়কের পাশে একটি স্থানীয় মাদরাসার সামনে থেকে পলিথিনে মোড়ানো এক শিশুর ভ্রূণ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে ওই এলাকার মাদরাসাতুল মদিনার গেইটের সামনে স্থানীয়রা একটি পলিথিন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কাছে গিয়ে তারা পলিথিনের ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান। খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি অটোরিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রূণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।