পথিক, তুমি পথ হারাইয়াছো : হাসনাত আব্দুল্লাহ 

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০১:১০ এএম

এনসিপির দক্ষিণের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পথিক, তুমি পথ হারাইয়াছো। তারেক রহমান সরকার, তুমি পথ হারাইয়াছো। তুমি বডি মিস করেছো এবং মানুষের সাথে প্রতারণা করে এই সরকারকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। এ দেশের ছাত্র-জনতা কেবল ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার চায়। যে জমিতে রক্ত ঝরে, সে জমি সবসময় রক্তের পক্ষেই কথা বলে। ​রাষ্ট্রের পূর্ণ সংস্কার ও ব্যবস্থার আমূল পরিবর্তন না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশ জুড়ে জুলাই পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা শহীদ ও আহতদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজ ক্ষমতার সুবিধা ভোগ করছেন, তারা যেন কোনোভাবেই পথ ভুলে সাধারণ মানুষের স্বপ্ন ও সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে প্রতারণা না করেন।

বিএনপি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, চৌদ্দশর বেশি শহীদ আর তিরিশ হাজার আহত মানুষের রক্তের সাথে কোনো ধরনের আপস বা প্রতারণা এ দেশের মানুষ মেনে নেবে না।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও পেশাদার করার বদলে যদি আবারও দলীয়করণের পুরোনো খেলায় মেতে ওঠা হয়, তবে তা হবে গণআকাঙ্ক্ষার সাথে চরম বেইমানি। 

সংবিধানের দোহাই দেওয়ার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নিজের স্বার্থে যখন সংবিধানের নিয়ম নমনীয় হতে পারে, তখন জনগণের সংস্কারের প্রয়োজনে সংবিধানের দোহাই দেওয়া এক চরম দ্বিমুখী আচরণ। অর্ধেক সংবিধান মেনে বাকি অর্ধেক অস্বীকার করার কোনো সুযোগ নেই।

এসময় জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,এনসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েত, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত