বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), বাগাতিপাড়া শাখা। 

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নানা ধরনের অবমূল্যায়ন, অনিরাপদ কর্মপরিবেশ ও হয়রানির শিকার হচ্ছেন। 

তারা বলেন, ‘আমরা দালাল নই, বরং সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।’

ফারিয়ার সভাপতি রবিউল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি—মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ। সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি এবং তাদের সদস্য কে দালাল আখ্যায়িত করা ও দন্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেটকে বহিষ্কারেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, চাকরির স্থায়িত্ব, ন্যায্য কর্মঘণ্টা, চিকিৎসা সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফারিয়ার ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফারিয়া বাগাতিপাড়া শাখার সহ সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারন সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পরে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।