ঘরের গাছ পোকা থেকে বাঁচাবেন যেভাবে

শহর থেকে ক্রমাগত সবুজের পরিমাণ কমে যাওয়ায় অনেকেই শখ করে ইনডোর প্ল্যান্ট ঘরে রাখেন। এ ধরনের গাছ বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি করে তেমনি বাতাসে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। শখের এই গাছগুলো পোকার আক্রমণের শিকার হলে কী করা উচিত অনেকেই তা ভেবে পান না। ঘরোয়া পদ্ধতিতেই পোকার হাত থেকে রক্ষা করা যায় গাছগুলোকে।

নিমপাতা : নিমপাতার রয়েছে তিক্ত স্বাদ এবং তীব্র গন্ধ। এই বৈশিষ্ট্যের কারণে এটি কীটপতঙ্গ প্রতিরোধক হিসেবে কাজ করে। নিমপাতার শুকনো গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। রাতে নিমপাতা পানিতে ভিজিয়ে সেই পানি পরদিন সকালে গাছের ওপরে ছিটিয়ে দিলেও পোকা গাছ থেকে দূরে থাকবে। এক্ষেত্রে নিমের তেলও ভালো উপায় হিসেবে বিবেচিত। একটি পাত্রে তরল সাবান এবং উষ্ণ পানি নিয়ে তাতে সামান্য নিম তেল নিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন। এটি স্প্রে বোতলে ভরে মাঝে মধ্যে ব্যবহার করলে ভালো থাকবে আপনার ঘরের গাছ।

লবণ : পরিমিত পরিমাণে ব্যবহার করলে লবণও পোকামাকড়কে গাছ থেকে দূরে রাখতে সহায়তা করে। ব্যবহার পদ্ধতিও সহজ। পানিতে কিছুটা লবণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে গাছগুলোতে স্প্রে করে দিলেই পোকা থেকে রক্ষা পাবে গাছগুলো। এই লবণ পানি ফসফরাস ও সালফারের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানও জোগায়।