বন্ধুর অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রবিবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, ঘটনার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বন্ধু শাহাদাত তার বাড়িতে পারভেজকে ডেকে নেন। পরে একপর্যায়ে তাদের মধ্যে বাগবিত-া হলে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে মুখে ও মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা পারভেজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেপিসি বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয়রা রাতে আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।