কালিয়াকৈরে তিনজনকে হত্যা মামলা

গ্রেপ্তার আতঙ্কে গ্রামবাসী

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আগে ছিল শুধুই গরু চুরি যাওয়ার আতঙ্ক। তার সঙ্গে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজনকে হত্যা মামলায় নতুন করে যুক্ত হলো গ্রেপ্তার আতঙ্ক। এখন গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেবেন নাকি গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকবেন? এমনটি ভেবে ঘরছাড়া হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। তবে এ মামলায় গ্রেপ্তার ও হয়রানি না করতে অনুরোধ জানিয়েছেন গ্রামবাসী।

নিহতরা হলেন ঢাকার মিরপুর থানার মধ্যপিরেরবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে সেলিম হোসেন (৩৮), গাজীপুরের শ্রীপুর থানার নিজমাওনা এলাকার সরাফত আলীর ছেলে আজাহারুল ইসলাম (৩৫) ও সিলেট সদর থানার ঘাসিটোলার এলাকার কমল কান্তের ছেলে কৃষ্ণ কান্ত (৪৬)।

সরেজমিনে ঘটনাস্থল ঘুরে এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গণপিটুনিতে মারা যাওয়াদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ওই দিন রাতে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ২০০ জনের নামে মামলা করেন। পরের দিন সোমবার সকালে ওই মামলার বিষয়টি জানাজানি হলে গরু চুরি আতঙ্কের সঙ্গে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনকে হত্যা মামলায় নতুন করে যুক্ত হলো গ্রেপ্তার আতঙ্ক। এখন গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেবেন নাকি গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকবেন? এমনটি ভেবে ঘরছাড়া হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। তবে ওই চোরচক্রের সদস্যরা মৃত্যুর আগে জানিয়েছেন, স্থানীয় কয়েকজন তাদের সঙ্গে জড়িত রয়েছে। তবে তাদের সঙ্গে জড়িত স্থানীয় গরুচোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তিনজনকে হত্যাকা-ের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও হত্যাকা-ে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।