ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মৃত মতিন মারাকের ছেলে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, গত রবিবার বিকেলে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম শিশুটি বাড়ির পাশে অবস্থান করার সময় একই এলাকার মৃত মতিন মারাকের ছেলে শাকুল সাংমা তাকে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে।
ঘটনার সময় স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ভিকটিম শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে এই পাশবিক নির্যাতনের কথা জানায়।