রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। গত রবিবার মতিহার থানা এলাকার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ওই ভিডিওতে দেখা যায়, মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।