ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর এলাকায় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই নারীর ভাতিজাসহ আরও দুইজনকে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।

সোমবার (১১ মে) রাতে মহেশপুর উপজেলার আলাদা স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলো-উপজেলার জলিলপুর গ্রামে মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), আইয়ুব হোসেন খানের ছেলে আমিনুর রহমান খান (২৪) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। লিটন সেলিনা বেগমের ভাতিজা।

পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার জীববনগর থেকে এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিকাল ৪টার দিকে মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করে তারা। সেই মোটরসাইকেলের সুত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয় লিটন ও বরকত বিশ্বাসকে। উদ্ধার করা হয় ছিনাতাইয়ের ৬ লাখ টাকা।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ে মুল পরিকল্পনাকারী। লিটন ও শাওন বদ্দি এই পরিকল্পনা করে। বাকি আসামিকেও দ্রুতই গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় থানায় মামলা হলে আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।