ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাঙ্গা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটোয়ারী থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। আটক অপর ব্যক্তি একজন নারী।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬০/৭৭-আর এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক সবাই বাংলাদেশের নাগরিক। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।