ঝিনাইদহে বৈধ কাগজপত্রবিহীন সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয় লোকজন। ট্রাকটি যশোর নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ সমনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাত ১১টা পর্যন্ত সারবোঝায় ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যরা হেফাজতে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ি-ট-১১-০১৪১ রেজিস্ট্রেশন নাম্বারের একটি ট্রাকে যশোরের নোয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি থামায়ি কি মাল আছে জানতে চাইলে তারা জানান যশোরের নোয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ট্রাকটির চালক ট্রাকে থাকা সারের কোন মেমো বা চালান দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ট্রাকটি হেফাজতে নেয়।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, স্থানীয়রা সারবোঝাই একটি ট্রাক আটক করেছে এমন সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন গেছে তারা সব খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা সারসহ ট্রাকটি আটক করে রেখেছে। সরকার সার সিন্ডিকেটের তৎপরতা রুখতে সোচ্চার। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার কেনাবেচা করে আসছে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ইউএনও এবং কৃষি অফিসারকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। তারা যাচাই-বাছাই করার পরে যদি সারগুলি অবৈধ বলে প্রমাণিত হয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।