ময়মনসিংহের ত্রিশালে অসুস্থ ও ভাইরাসজনিত আক্রান্ত গর্ভবতী মহিষ জবাই করে গোশত বিক্রির অভিযোগে এক গোশত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) ত্রিশাল পৌরসভার হযরত শাহজালাল (রাহ.) গোশতের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাইরাসজনিত অসুস্থ ও গর্ভবতী একটি মহিষ জবাই করে সেই গোশত বিক্রির অভিযোগ পাওয়া গেলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় দোকানের মালিক শরিফুল ইসলাম (পিতা- হাসমত বেপারীকে) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম জৈমত।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।