ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই মাছ ধরার পর দুই ভাই পুকুরে নেমে শরীরের কাঁদা ধুতে যায়। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়। পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে ততক্ষণে দুইভাইয়েরই মৃত্যু হয়।
মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় বাদীকে হুমকির অভিযোগ