পল্লী চিকিৎসক আবু হত্যা

তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ জনের

রাজবাড়ীর পল্লী চিকিৎসক আবু হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল রশীদ মোল্ল্যা এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামি হলেন, বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়া সরদার। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার, রায়হান সরদার, হবিবর রহমান ওরফে হবি সরদার, হেলাল খা, জিল্লু বেপারী ওরফে কাজী ও জিয়া মণ্ডল।

মৃত্যুদণ্ড সাজা হওয়া বাবলু সরদার যাবজ্জীবন সাজা পাওয়া আতর আলীর ছেলে।

আদালত দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। এ মামলার ২২ আসামির মধ্যে বাকি ১১ জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া বিচার চলাকালীন দুই আসামি মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে ১৪ অক্টোবর রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে দণ্ডিত আসামিরা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে  হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোবারক মোল্লা গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি বিচারের জন্য পাঠানো হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ এ। ২০২২ সালের ৩০ জুন বিচার শুরুর পর আদালত ২৯ জনের সাক্ষ্য নেয়।