হত্যা মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে ডিবির কাছে সোপর্দ করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, ধানমন্ডি থানায় দায়ের করা জুলাই আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় কিশোর মোতালেব হত্যার ঘটনায় দায়ের করা। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাঈদ খোকনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। রিমান্ড আবেদনের বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলার সংখ্যা ২১টি। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র।

সর্বশেষ সর্বাধিক পঠিত