বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
দীপকে দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে আদালতে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্তের স্বার্থে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে এ আবেদন করেন।
হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার, নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের কথা উল্লেখ করে এ আবেদন করা হয়।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। এরপর তাহসিফের বন্ধু দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর আগে, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। পরে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এর তিনদিনের মাথায় তাহসিফের বাবা হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।
তাহসিফ মৃত্যু রহস্য: বন্ধু দীপকে নৌ পুলিশে হস্তান্তর