কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে এক নববধূকে অপহরণ করতে কিশোর গ্যাং সদস্যরা বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময়ে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নববধূকে অপহরণের চেষ্টা করলে স্বজনরা বাধা দিলে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন।

মামলায় উল্লেখ করা হয় শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের কোব্বাত মিয়ার ছেলে আল-আমিন ইসরাত জাহান নামে এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়।  এতে রাজি না হলে  আল আমিন ক্ষিপ্ত হয়ে ১০ থেকে ১৫ কিশোর গ্যাং সদস্য নিয়ে গত শুক্রবার রাতে মোটরসাইকেল ও হাইয়েস মাইক্রো নিয়ে অস্ত্রসস্ত্রসহ ইসরাত জাহানকে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য হামলা চালায়। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি মোটরসাইকেল ও দেশীয় কিছু অস্ত্র রেখে পালিয়ে যায়।