টেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিযোগে ইয়াবা পাচারকালে ৩ হাজার পিস ইয়াবাসহ চালক আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। আটককৃত আসামী হল- টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. সাইদ আলম (১৯)।

মঙ্গলবার (১২ মে) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১২ মে মঙ্গলবার বিকালে দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্য এবং বিজিবি ডগ হেনরি (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক সিএনজি‘র ব্যাটারীর নিচের অংশে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, সিএনজি ও  গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।