শেষ পর্যন্ত ভুক্তভোগীকে বিয়ে করলেন আসামি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কঠোর নিরাপত্তাবেষ্টিত পরিবেশে মঙ্গলবার দেখা গেল এক ভিন্ন দৃশ্য। যেখানে সাধারণত বন্দি, অপরাধ আর বিচারের গল্পই উচ্চারিত হয়। সেখানে সৃষ্টি হলো নতুন এক সম্পর্কের বন্ধন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় বন্দি এম. তরিকুল ইসলাম (২৬) এবং ভিকটিম আসমা বেগমের (৩৫) বিয়ে সম্পন্ন হয়েছে কারাগারের ভেতরেই।

কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ দেশ রূপান্তরকে  জানান, যাত্রাবাড়ী থানার মামলায় বন্দি এম. তরিকুল ইসলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক। এ মামলার ভুক্তভোগীর সঙ্গে বিয়ের জন্য কৌঁসুলির আবেদনের পর সংশ্লিষ্ট বিচারক আদেশ দেন। আদালতের আদেশের পর সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কারাগারে কাজি ডেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। পরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে।