চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়িও হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রামের প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত উপজেলারগুলোর স্থানীয় প্রশাসন এরই মধ্যে বন্যায় গৃহহারা পরিবারগুলোকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে। সেসব বাড়ি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন। একই সঙ্গে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানিয়েছেন, এখনো দাপ্তরিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।
