আইজিপির হুঁশিয়ারি অনুকম্পা পাবে না  কোনো পুলিশ

পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়ালে এবং এর সত্যতা পাওয়া গেলে তাকে কোনো অনুকম্পা দেখানো হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশলাইনস মাঠে ‘আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে ছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে। মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে আপনারা দেখেছেন পুলিশের যেসব সদস্য মাদকের ভেতরে সম্পৃক্ত ছিল, তাদের আইনের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পরিয়ে দেন আইজিপি। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করা হয়।