রাজধানীতে মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী যৌথ চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে নারীদের সংগঠন ‘জলকন্যা’। ‘সব নারীতেই মা’ শীর্ষক এ প্রদর্শনী গত রবিবার বিকেলে ধানম-ির সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সংগীতশিল্পী মেহরীন।
‘জলকন্যা’র ১২ শিল্পীর মোট ৩৫টি শিল্পকর্ম নিয়ে এ চিত্রপ্রদর্শনী। এখানে জলের সহযোগিতায় যেসব রঙ ব্যবহার করা হয়, সেসব রঙের মাধ্যমে ছবি আঁকেন নারীরা। মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যারা ছবি আঁকেন, সেসব শিল্পীই প্রাধান্য পেয়ে থাকেন এ আয়োজনে।
এ আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার এবং প্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ। প্রদর্শনীটি চলবে আগামী ১৫ মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।