রক্তের গ্রুপের সঙ্গে স্ট্রোকের কী সম্পর্ক— এমন মনে হতেই পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, রক্তের গ্রুপের সঙ্গে ব্রেন স্ট্রোক হওয়ার গভীর সম্পর্ক রয়েছে। গবেষণা বলছে, কারও রক্তের গ্রুপ জানলেই তার স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব।
আমেরিকার ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের গবেষকেরা খুঁজে বার করেছেন রক্তের গ্রুপ যদি ‘এ’ হয়, তা হলে স্ট্রোকের ঝুঁকি বেশি হবে, ‘ও’ গ্রুপ আবার সে দিক থেকে অনেক নিরাপদ। ১৭ হাজার ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীকে পরীক্ষা করে দেখা গিয়েছে, যাদের রক্তের গ্রুপ ‘এ’ তাদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি ১৬ শতাংশের বেশি এবং অন্যদিকে ‘ও’ গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ১২ শতাংশ কম। বাকি দুই রক্তের গ্রুপের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি থাকলেও ‘এ’ গ্রুপের মতো নয়। ‘এবি’ গ্রুপের ক্ষেত্রে আবার মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিনাশের মতো রোগ ও টিউবারকিউলোসিসের ঝুঁকি বেশি।
গবেষণার অন্যতম লেখক নিউরোলজিস্ট স্টিভেন কিটিনার জানান, কেন ‘এ’ গ্রুপের মানুষের ঝুঁকি বেশি—তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, রক্ত জমাট বাঁধার প্রবণতা এর পেছনে ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া-সহ নানা রিস্ক ফ্যাক্টর মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ আটকে দেয়। তখন রক্ত জমাট বাঁধতে থাকে এবং ধমনীতে রক্ত চলাচলে বাধা তৈরি করে। ফলে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হতে হতে অকেজো হয়ে স্ট্রোক হয়।
তবে রক্তের গ্রুপ যা-ই হোক না কেন, স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে হলে অতি অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তে শর্করার মাত্রা যাতে না বাড়ে, তা দেখতে হবে। ওজন স্বাভাবিক রাখা আবশ্যক, রোজ নিয়ম করে অন্তত আঁধ ঘণ্টা হাঁটা বা শরীরচর্চা করতেই হবে। তবে রক্তের গ্রুপের সঙ্গে এই ঝুঁকির সম্পর্ক নিয়ে আরও বিস্তৃত গবেষণা হলে ভবিষ্যতে স্ট্রোক প্রতিরোধে নতুন পথ উন্মোচিত হতে পারে।