সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত তিন শিশুর একজন সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দীনের মেয়ে হাফিজা আক্তার (২ বছর ৩ মাস), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিলাল আহমেদের মেয়ে রাইসা জান্নাত (২ বছর ৫ মাস) এবং একই জেলার ছাতক উপজেলার তোফায়েল আহমেদের মেয়ে আরিয়া জান্নাত (৮ মাস)।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বুধবার (১৩ মে) সকালে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জানা যায়, একই সময়ে বিভাগজুড়ে আরও ৯২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৯৭ জন হাম সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন।
তবে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় কারও শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়েছে ১৪৭ শিশু। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৭৩ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ১৬ জন করে আক্রান্ত হয়েছে।